আমি কে তুমি কে: মানুষ, বাঙালি, সাম্যবাদী

আমি কে তুমি কে: মানুষ, বাঙালি, সাম্যবাদী

“জীবন মানুষের কাছে একবারই আসে; আর তাকে এমনভাবে বাঁচতে হবে যেন মৃত্যুর সময় পেছনে তাকিয়ে বলতে না হয়—আমি আমার জীবনটা উদ্দেশ্যহীনভাবে নষ্ট করেছি।”—নিকোলাই অস্ত্রভস্কি

Nikolai Ostrovsky তাঁর বিখ্যাত How the Steel Was Tempered বাংলা ভাষায় অনুদিত ইস্পাত উপন্যাসে জীবনের মূল্য ও উদ্দেশ্য নিয়ে একটি অনুসরণযোগ্য চিন্তা প্রকাশ করেছেন। মানুষ যেন তার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান কাজে ব্যয় করে, যেন লজ্জা না পেতে হয় অতীতের জন্য, আর যেন গর্ব করে বলতে পারে, নিজের সব শক্তি ও জীবন সে মানবতার কল্যাণে উৎসর্গ করেছে। জীবনকে অর্থপূর্ণ, আদর্শপূর্ণ (সাম্য, মৈত্রী, স্বাধীনতা, শান্তি) এবং দায়িত্বশীলভাবে বাঁচা—এইটাই প্রকৃত জীবন।

১) আমি কে?

“আমি কে?” এই আত্ম-অনুসন্ধান প্রশ্ন মানব ইতিহাসের অন্যতম গভীর ও প্রাচীন জিজ্ঞাসা। দৰ্শন, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে এই বিষয়টিকে নানা দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা হয়েছে।

গ্রীক দার্শনিক সক্রেটিস (Socrates)-এর বিখ্যাত উক্তি “Know thyself”, অর্থাৎ “নিজেকে জানো”। বাঙালি লালনের গানে আছে, “আমার আপন খবর আপনার হয় না, আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা”। সব জ্ঞানের সূচনা নিজেকে চেনায়। অর্থাৎ, নিজেকে চিনতে পারলে সব অজানাকে জানার পথ খুলে যায়। এটি শুধু আধ্যাত্মিক অর্থে নয়, দার্শনিক বা জ্ঞানতাত্ত্বিক অর্থেও। নিজেকে জানা মানে নিজের শরীর ও মন নয়, নিজের ‘দৃষ্টিভঙ্গি’ও জানা।

নিজেকে জানা নিয়ে দুই দার্শনিক ঘরানার দ্বন্দ্ব আছে। একটি ভাববাদী, অন্যটি বস্তুবাদী ঘরানা। ভাববাদী দার্শনিক রেনে ডেকার্ত (René Descartes) বলেছেন “Cogito, ergo sum”, অর্থাৎ “আমি চিন্তা করি, তাই আমি আছি”। ভারতীয় ধর্মদর্শনের ভাববাদী ধারণা প্রায় একই রকম। ভারতীয় দর্শনে “আমি” হলো; শরীর নয়, বরং ‘আত্মা’। এই আত্মা ব্রহ্মের (সর্বজনীন সত্তা) সঙ্গে একাত্ম ও অজ্ঞান (অবিদ্যা) আমাদের ভুল পরিচয় তৈরি করে। গ্রীক দর্শন প্রভাবিত আরবীয় দর্শনেও, যেমন আল গাজ্জালির মতে “He who knows himself knows his Lord.” অর্থাৎ “যে নিজেকে চেনে, সে তার রবকে চেনে”।

বিপরীতে জার্মান ফয়েরবাখ (Ludwig Feuerbach) বলেন, “মানুষই ঈশ্বর সৃষ্টি করেছে” (God is a projection of human essence)। তার মতে, চেতনা বা ধর্মীয় ধারণা কোনো স্বতন্ত্র বাস্তবতা নয়, এগুলো মানুষের বস্তুগত ও মানসিক অবস্থার প্রতিফলন। ফলে ডেকার্ত যেভাবে বলেছেন ‘আমি ভাবি বলে আমি আছি’ এমনটা নয়, বরঞ্চ উল্টো—“আমি একটি বাস্তব, জৈবিক সত্তা—তাই আমার চিন্তা ও ভাবনা আছে”।

এঙ্গেলস (Friedrich Engels) ব্যাখ্যা দিয়েছেন যে প্রকৃতি ও বস্তুই প্রথম; চেতনা তার ফল। মন/চিন্তা হলো মস্তিষ্কের কার্যকলাপ, মস্তিষ্ক নিজেই একটি বস্তুগত (material) অঙ্গ, তাই চিন্তা হচ্ছে বস্তুগত প্রক্রিয়ার ফল। লেনিন (Vladimir Lenin) তার Materialism and Empirio-Criticism বইতে খুব স্পষ্ট করেছেন যে বস্তু (matter) মানুষের চেতনার বাইরে স্বাধীনভাবে অস্তিত্বশীল। অর্থাৎ আমরা চিন্তা করি বা না করি, বাস্তবতা তবুও আছে। চেতনা হলো সেই বাস্তবতার প্রতিফলন। বাস্তবতা বা বস্তুগত দুনিয়া (Objective world) আমাদের আত্মগত ধারণা Subjective idea) বা চিন্তা নিরপেক্ষ। আমরা বাস্তবতাকে জানতে পারি ও ভাষা দিয়ে ‘ন্যারেটিভ’ বা বয়ান তৈরি করি।

ফলে, আমি শুধু “চিন্তার অস্তিত্বশীল” নই। আমি একটি জৈবিক শরীর, একটি সামাজিক সত্তা, একটি ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ। তাই “আমি কে?” প্রশ্নের বস্তুবাদী উত্তর “আমি সেই বাস্তব সত্তা, যার চিন্তা তার বস্তুগত অস্তিত্ব থেকে জন্ম নেয়।”

মার্কস (Karl Marx)-এর একটি বিখ্যাত উক্তি বস্তুবাদীরা ব্যবহার করে, “It is not the consciousness of men that determines their being, but their social being that determines their consciousness.” অর্থাৎ “মানুষের চেতনা তার অস্তিত্ব নির্ধারণ করে না; বরং তার সামাজিক অস্তিত্বই তার চেতনাকে নির্ধারণ করে।” সহজভাবে বললে: আমরা যেমন ভাবি, তা দিয়ে আমরা কী, তা ঠিক হয় না। বরং আমরা যে সমাজে, যে অবস্থায় বাস করি—সেটাই আমাদের ভাবনা গড়ে তোলে।

মার্কসবাদকে শুধু বস্তুবাদী বলা একটি মৌলিক বিভ্রান্তি, এবং আমি কে প্রশ্নের উত্তর পেতে হলে, মার্কসবাদী দর্শন অনুসারে “দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী” ধারণা দিয়ে বুঝতে হবে। দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ হলো একটি দার্শনিক ধারণা যা ‘বস্তুগত বাস্তবতা ও তার অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিবর্তনের মাধ্যমেই প্রকৃতি, সমাজ ও ইতিহাস বিকশিত হয়’। তার মানে চেতনাও বাস্তবতার একটি দিক, ফলে বস্তু ও চেতনার সম্পর্ক দ্বান্দ্বিক।

মার্কসকে যদি দ্বান্দ্বিকভাবে (dialectically) পাঠ করা হয়, তাহলে মানব শরীর (বস্তুগত) ও চিন্তা (চেতনা) কোনো সরল “কারণ—ফল” যান্ত্ৰিক (mechanical) সম্পর্ক হিসেবে দেখা যায় না। মার্কস অনুসারে, মানুষের চেতনা তার সামাজিক অস্তিত্ব দ্বারা নির্ধারিত, তবে এটি একমুখী নয়; বরং পারস্পরিক ক্রিয়া (reciprocal process)। অর্থাৎ, বস্তুগত বাস্তবতা (অর্থনীতি, উৎপাদন সম্পর্ক) মানুষের চিন্তাকে গড়ে তোলে, আবার সেই চিন্তা তার সামাজিক বাস্তবতা পরিবর্তনের শক্তিতে রূপান্তরিত হতে পারে।

মার্কসের দ্বান্দ্বিকতা এসেছে হেগেল-এর শিক্ষা থেকে, যদিও তিনি সেটিকে “উল্টে” বস্তুবাদী রূপ দেন। হেগেলের কাছে চেতনা বা ভাব ছিল প্রধান চালিকাশক্তি, কিন্তু মার্কস বলেন, বস্তুগত জীবনই চেতনার ভিত্তি। কিন্তু, চেতনা এখানে নিষ্ক্রিয় নয়। বরং যখন মানুষের ধারণা, বিশ্বাস ও কল্পনা বৃহৎ জনগোষ্ঠীকে প্রভাবিত করে, তখন তা “বস্তুগত শক্তি” (material force)-তে রূপ নেয়। যেমন কোনো রাজনৈতিক আদর্শ বা বিপ্লবী চিন্তা তখনই বাস্তব শক্তি হয়ে ওঠে, যখন তা মানুষের সম্মিলিত চেতনায় সক্রিয় হয়ে সামাজিক কর্মকাণ্ডে রূপ নেয়।

সুতরাং, “আমি কে?”–এই প্রশ্নের উত্তর একমাত্রিক নয়। দর্শন আমাদের শেখায় নিজের ভেতর তাকাতে ও আত্মপরিচয় গড়ে তুলতে, আর মার্কসবাদী সমাজবিজ্ঞান আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা একটি বৃহত্তর সামাজিক বাস্তবতার অংশ। এই দুই দৃষ্টিভঙ্গির সমন্বয়েই একজন ব্যক্তি তার পরিচয় সম্পর্কে গভীর ও সমন্বিত উপলব্ধি অর্জন করতে পারে।

দর্শনের আলোকে, বিশেষ করে অস্তিত্ববাদ অনুসারে, মানুষ যা, তা তার নিজের নির্মাণ। অর্থাৎ মানুষ জন্মের সময় কোনো নির্দিষ্ট সত্তা নিয়ে আসে না; বরং তার সিদ্ধান্ত, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে সে নিজেকে গড়ে তোলে। এই দৃষ্টিভঙ্গিতে ব্যক্তি স্বাধীন এবং নিজের জীবনের জন্য দায়ী। এখানে “আমি” মূলত আত্মসচেতন, স্বাধীন ও নৈতিক সত্তা, সামাজিক বাস্তবতার ‘দাস’ নয়। আমি সামাজিক মানুষ একই সঙ্গে আমার চিন্তার স্বাধীনতা আছে। আমি আমাকে বদলেতে পারি—চেতনা ও স্বপ্নের বিশ্বাসে।

(২) কী আমার পরিচয়?

প্রথমেই বলে নিই মানুষের পরিচয় একক নয়। এটি দ্বান্দ্বিক, বহুমাত্রিক, পরিবর্তনশীল, এবং স্থান, কাল ও অর্থনৈতিক-সাংস্কৃতিক প্রেক্ষিত নির্ভর।

আমরা ‘মানুষ'—এটাই আমাদের প্রথম পরিচয়। মানুষের বৈজ্ঞানিক নাম ‘হোমোসেপিয়েন্স’। এরপর আছে লিঙ্গীয় পরিচয়; আমরা নারী, পুরুষ বা তৃতীয় লিঙ্গের। এরপর আসে আমাদের জাতীয় (নৃতাত্ত্বিক/ ভাষা নৃতাত্ত্বিক) পরিচয়; আমরা বাঙালি, চাকমা, সাঁওতাল, ইত্যাদি। এরপর আছে রাষ্ট্রীয় পরিচয়, যা আমাদের পাসপোর্টে দৃশ্যমান। এরপর আছে পেশাগত পরিচয়; শিক্ষক, লেখক, শিল্পী, বিজ্ঞানী, গবেষক, শ্রমিক, কারিগর ইত্যাদি।

রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস ও ভূমিকা থেকেও কখনও কারও প্রধান পরিচয় নির্ধারিত হয়ে থাকে। যেমন ‘সাম্যবাদী’। তেমনি কোন ধর্মবিশ্বাস বা ধর্মীয় পরিবারে/সম্প্রদায়ে জন্ম নেয়ার কারণে ব্যক্তির সাম্প্রদায়িক পরিচয় গুরুত্বপূর্ণ হতে পারে, রাজনৈতিক কারণে। তার মানে মানুষ হিসেবে আমাদের পরিচয় বহুমাত্রিক; কিছু পরিচয় যেমন শারীরিক, লিঙ্গীয় ও জাতিগত পরিচয়—এগুলো বদলানো প্রায় অসম্ভব, আর পেশাগত পরিচয় বদলানো বেশ সহজ।

পরিচয় বোধ বা সচেতনতা কেন গুরুত্বপূর্ণ? অমর্ত্য সেনের বই Identity and Violence: The Illusion of Destiny অনুসারে, যখন আমরা নিজের ও অন্যের বহু-পরিচয়কে বিবেচনা করি, তখন সহিংসতার ঝুঁকি কমে যায়, আর শান্তি ও সহাবস্থান করা সহজ হয়। মানুষের পরিচয় একক নয়; একক পরিচয়ের ধারণা আমাদের বিভাজিত করে। বহুমাত্রিক পরিচয়কে স্বীকৃতি দিলে সমাজে শান্তি, সহনশীলতা এবং ন্যায্যতা সম্ভব। নিজের বহুমাত্রিক পরিচয় বোঝা মানে শুধু “আমি কে?” জানা নয়—বরং “আমি কেমন মানুষ হতে চাই?” এই প্রশ্নের দিকেও এগোনো যায়।

কী আমার পরিচয়? এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়ার চেষ্টা হয়েছে, যেমন (ক) দার্শনিক দৃষ্টিভঙ্গিতে, (খ) ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, (গ) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে, (ঘ) সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং (ঙ) রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে—

ক) দার্শনিক দৃষ্টিভঙ্গি:

দার্শনিক দৃষ্টিভঙ্গি চার ধরনের; অস্তিত্ববাদী (Existentialist), সারতত্ত্ববাদী (Essentialist), বর্ণনামুলক আত্মপরিচয় (Narrative Self) ও মার্কসবাদী শ্রেণি (Class Identity) দৃষ্টিভঙ্গি।

অস্তিত্ববাদ অনুসারে, মানুষ “প্রথমে অস্তিত্বে আসে, পরে নিজ কার্যকলাপ, সিদ্ধান্ত এবং মূল্যবোধের মাধ্যমে পরিচয় গড়ে” তোলে। সার্ত্রের (Jean-Paul Sartre)[১] মতে, মানুষ জন্মগতভাবে কোনো পূর্বনির্ধারিত স্বভাবের অধিকারী নয়; বরং সে তার স্বাধীন পছন্দ ও কার্যকলাপের মাধ্যমে নিজেকে সংজ্ঞায়িত করে। এখানে পরিচয় স্থির নয়; এটি ক্রমাগত বিকাশমান। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার পেশা, সামাজিক সম্পর্ক বা নৈতিক সিদ্ধান্তের মাধ্যমে পরিচয় তৈরি করে।

অস্তিত্ববাদী দৃষ্টিভঙ্গি ব্যক্তি এবং সমাজকে উদ্বুদ্ধ করে আত্মনির্ধারণ ও দায়িত্বশীলতা নিয়ে চিন্তা করতে। যেহেতু মানুষকে কোনো একক পরিচয়ের সঙ্গে সীমাবদ্ধ করা হয় না, তাই “আমরা বনাম তারা” ভাব কমে এবং সহনশীলতা বৃদ্ধি পায়। রাজনৈতিক বা ধর্মীয় সহিংসতা এমন একক পরিচয় ধারণার কারণে ঘটে, যা অস্তিত্ববাদ প্রতিহত করে।

সারতত্ত্ববাদ বিশ্বাস করে যে প্রতিটি মানুষের “অন্তর্নিহিত স্বভাব” থাকে যা তার পরিচয়ের মূল। এখানে ধরন, জাতি বা লিঙ্গের মতো নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোকে অপরিবর্তনীয় বিবেচনা করা হয়। এই দৃষ্টিভঙ্গিতে, মানুষের কার্যকলাপ ও মনোভাব এই ‘মুল’ স্বভাবের প্রতিফলন। উদাহরণস্বরূপ, কেউ যদি জোরালো বা সাহসী স্বভাবের হয়, তবে সেটিকে তার পরিচয়ের স্থির অংশ হিসেবে দেখা হয়।

এই চিন্তাধারার বিপদ যে এটি “আমরা বনাম ওরা” মনোভাবকে শক্তিশালী করে। ধর্ম বা জাতিশ্রেষ্ঠত্ববাদ জন্ম দেয়। যদি কোনো গোষ্ঠীকে তার অপরিবর্তনীয় বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়, তা থেকে বৈষম্য, বিদ্বেষ ও সহিংসতার সূচনা করে। রাজনৈতিক বা ধর্মীয় সংঘাত অনেক সময় এই দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত হয়।

বর্ণনামূলক আত্মপরিচয় তত্ত্ব অনুসারে আমরা নিজেদের জীবনকাহিনী বা গল্পের মাধ্যমে আমাদের পরিচয় তৈরি করি। পল রিকর (Paul Ricoeur)[২] অনুযায়ী, মানুষ তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অভিজ্ঞতা যুক্ত করে একটি ধারাবাহিক গল্প তৈরি করে। এই গল্প আমাদের মানসিক দৃঢ়তা এবং সামাজিক সম্পর্কের অনুভূতি দেয়। পরিচয় এখানে স্থির নয়, বরং সময় এবং অভিজ্ঞতার সঙ্গে বিকশিত হয়।

এই ধারণা ব্যক্তিকে আত্মবোধ, সহানুভূতি এবং সহনশীলতার জন্য উৎসাহিত করে। যেহেতু পরিচয়কে গল্পের মতো পরিবর্তনশীল ধরা হয়, এটি সহিংসতার ঝুঁকি কমায় এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বোঝাপড়া বাড়ায়। শিক্ষামূলক বা মনোবৈজ্ঞানিক ক্ষেত্রে এই ধারণা ব্যবহার করে পরিচয় সংকটের সমাধান এবং সামাজিক সংহতি গঠন করা যায়।

“শ্রেণিপরিচয়” ধারণা মার্কসবাদী বিশ্ববিক্ষার অংশ। মার্কসবাদে ব্যক্তির পরিচয়কে সাধারণত “শ্রেণিপরিচয়” (Class Identity)-এর সঙ্গে সম্পর্কিত করে। অর্থাৎ মানুষের পরিচয় মূলত তাদের অর্থনৈতিক অবস্থান এবং উৎপাদন সম্পর্কিত শ্রেণিভিত্তিক অবস্থান দ্বারা নির্ধারিত হয়। মার্কসবাদে এই শ্রেণিপরিচয় শুধু ব্যক্তিগত স্বজ্ঞানের বিষয় নয়, বরং শ্রেণিসচেতনতা (class consciousness) এবং সামাজিক সংঘাত ও পরিবর্তনের সঙ্গে যুক্ত একটি নৈতিক ও রাজনৈতিক দিকও ধারণ করে।

উদাহরণস্বরূপ, শ্রমিকরা যদি বুঝতে পারে যে তারা উৎপাদনের মালিকানা সম্পর্কের ভিত্তিতে শ্রেণি হিসেবে দমন বা শোষণের শিকার হচ্ছে, এবং এই শোষণকে চ্যালেঞ্জ করার সাধারণ স্বার্থ আছে, তাহলে তাদের মধ্যে শ্রেণিসচেতনতা তৈরি হয়। মার্কসবাদে এই শ্রেণিসচেতনতা সমাজিক পরিবর্তন ও বিপ্লবের ভিত্তি হিসেবে দেখা হয়, কারণ ব্যক্তিগত বা রাজনৈতিক কর্মকাণ্ড তখন কেবল ব্যক্তির স্বার্থ নয়, বরং তাদের শ্রেণির সামষ্টিক স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হয়। নিজেদের মতাদর্শগত শ্রেণি অবস্থান প্রকাশ করে, নামের আগে ‘কমরেড’ অভিধা ব্যবহার করে।

খ) ধর্মীয় দৃষ্টিভঙ্গি

হিন্দু ও আব্রাহামিক বিভিন্ন ধর্মে ‘আমি’ মানে আত্মা। এই ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ আলাদা ও অনন্য। বৌদ্ধধর্মের একটি মৌলিক শিক্ষা হলো অনাত্মা (Anatta), অর্থাৎ মানুষের “কোনো স্থায়ী, অপরিবর্তনীয় আত্মা নেই”।

অনাত্মা পরিচয় আসলে কী? অনাত্মা বলতে বোঝানো হচ্ছে না যে “কিছুই নেই” বা মানুষ অস্তিত্বহীন। বরং বলা হচ্ছে, আমাদের মধ্যে এমন কোনো চিরস্থায়ী, অপরিবর্তনীয় ‘আমি’ বা আত্মা নেই, যা সব সময় একই থাকে। আমরা যাকে “আমি” বলি, তা আসলে বিভিন্ন পরিবর্তনশীল উপাদানের সমষ্টি। বৌদ্ধধর্মে বলা হয়, আমাদের পরিচয় গঠিত পাঁচটি উপাদান দিয়ে। (১) রূপ (শরীর)—দেহ ও বস্তুগত অংশ। (২) বেদনা (অনুভূতি)—সুখ, দুঃখ, নিরপেক্ষ অনুভব। (৩) স্বজ্ঞা (চেনা/ধারণা)—আমরা কিভাবে জিনিস চিনে নিই। (৪) সংস্কার (মানসিক গঠন)—চিন্তা, ইচ্ছা, অভ্যাস। (৫) বিজ্ঞান (চেতনা) সচেতনতা বা জ্ঞান। এই পাঁচটি উপাদানই নিরন্তর পরিবর্তিত হচ্ছে। তাই এগুলোর মধ্যে কোনো একটিও “স্থায়ী আত্মা” হতে পারে না।

হিন্দুধর্ম অনুসারে আত্মা চিরন্তন, যা ব্রহ্মের অংশ। ইসলাম ধর্মে মানুষ আল্লাহর বান্দা; মানুষের পরিচয় তার নৈতিক দায়িত্বের সঙ্গে যুক্ত। খ্রিস্টধর্ম অনুসারে মানুষ “ঈশ্বরের প্রতিমূর্তি”; মানব মর্যাদা এখানে কেন্দ্রীয় বিষয় ইহুদী ধর্ম অনুসারে মানুষের পরিচয় চুক্তিভিত্তিক, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক। ধর্মীয় পরিচয় একদিকে নৈতিকতা, সহমর্মিতা, শান্তি গড়তে পারে, আবার অন্যদিকে গোষ্ঠীগত বিভাজনও তৈরি করতে পারে যদি একে একমাত্র বা শ্রেষ্ঠত্ববাদী পরিচয় (সাম্প্রদায়িকতা) হিসেবে ধরা হয়।

গ) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানুষ জীবজগতের একটি নির্দিষ্ট প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম Homo sapiens। জীববিজ্ঞানের শ্রেণিবিন্যাস অনুসারে মানুষ প্রাণিজগতের (Animalia) অন্তর্গত একটি প্রাণী; স্তন্যপায়ী (mammal) প্রাইমেট (primate) গোষ্ঠীর সদস্য। এই পরিচয় বোঝায় যে মানুষ অন্যান্য জীবের মতোই বিবর্তনের (evolution) মাধ্যমে বিকশিত হয়ে আজকের পর্যায়ে এসেছে। মানুষের শারীরিক গঠন, মস্তিষ্কের বিকাশ, ভাষা ও সামাজিক আচরণ—সবই দীর্ঘ জৈবিক বিবর্তনের ফল। তাই “মানুষ” হওয়া মানে কেবল সামাজিক বা সাংস্কৃতিক পরিচয় নয়, বরং একটি নির্দিষ্ট জৈবিক প্রজাতির সদস্য হওয়া।

মানুষের লিঙ্গীয় (sex) পরিচয় (নারী বা পুরুষ) জিনগত বা ক্রোমোজোমের মাধ্যমে নির্ধারিত হয়, যা Sex determination নামে পরিচিত। মানুষের ক্ষেত্রে সাধারণত দুটি প্রধান যৌন ক্রোমোজোম থাকে—X এবং Y। অধিকাংশ ক্ষেত্রে XX ক্রোমোজোম থাকলে নারী এবং XY থাকলে পুরুষ হিসেবে বিকাশ ঘটে। এই ক্রোমোজোমগুলো ভ্রূণের বিকাশের সময় হরমোন নিঃসরণ ও প্রজনন অঙ্গের গঠনকে প্রভাবিত করে, যা পরে শারীরিক লিঙ্গ বৈশিষ্ট্যে পরিণত হয়। ফলে লিঙ্গ একটি গুরুত্বপূর্ণ জৈবিক পরিচয়, যা শরীরের গঠন ও প্রজনন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।

তবে বাস্তবে লিঙ্গীয় বৈচিত্র্য সবসময় এত সরল নয়। কিছু ক্ষেত্রে XX বা XY ছাড়া অন্য ক্রোমোজোম বিন্যাস (যেমন XXY) বা হরমোনগত ভিন্নতা দেখা যায়, যা Intersex অবস্থার সৃষ্টি করতে পারে। এটি দেখায় যে জীববৈজ্ঞানিক পরিচয়ও একটি পরিসরের (spectrum) মধ্যে পড়ে, একেবারে কঠোর দ্বৈত নয়। তাই মানুষকে বুঝতে হলে একদিকে তার প্রজাতিগত পরিচয় (Homo sapiens) ও জিনগত কাঠামোকে বিবেচনা করতে হয়, অন্যদিকে এই জৈবিক ব্যবস্থার স্বাভাবিক বৈচিত্র্যকেও স্বীকার করা জরুরি।

স্নায়ুবিজ্ঞান (Neuroscience) মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, নিউরন এবং তাদের কার্যপ্রক্রিয়া নিয়ে গবেষণা করে, এবং কিভাবে মানুষ নিজের পরিচয় নিয়ে চিন্তা করে, ও পরিচয়ের অনুভূতি, স্মৃতি ও চেতনা তৈরি হয়, তা ব্যাখ্যা করে।

স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতে মানুষের পরিচয় তার মস্তিষ্কের জটিল কার্যকলাপের ফল। আমাদের স্মৃতি, আবেগ, অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত – সবকিছু মস্তিষ্কের বিভিন্ন অংশের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। আন্টোনিও (Antonio Damasio) দেখিয়েছেন যে “self” বা ‘আমি’—বোধ তৈরি হয় শরীরের অবস্থা, আবেগ এবং মস্তিষ্কের তথ্যপ্রক্রিয়ার সমন্বয়ে। অর্থাৎ, আমরা যাকে “আমি” বলি, তা আসলে একধরনের চলমান মানসিক ও স্নায়বিক প্রক্রিয়া, যা প্রতিনিয়ত আপডেট হয়।

এ কারণে মানুষের পরিচয় পরিবর্তনশীল। নতুন অভিজ্ঞতা, শেখা, সম্পর্ক বা আঘাত (trauma) মস্তিষ্কের গঠন ও সংযোগ (neural connections) বদলে দিতে পারে। ফলে ব্যক্তিত্ব, পছন্দ, এমনকি নিজের সম্পর্কে ধারণাও বদলাতে পারে। স্নায়ুবিজ্ঞান তাই দেখায়, “আমি” কোনো স্থির সত্তা নয়; বরং এটি স্মৃতি, আবেগ ও চেতনার ওপর ভিত্তি করে তৈরি একটি গতিশীল নির্মাণ (dynamic construct)।

মনোবিজ্ঞানী এরিকসনের (Erik Erikson) মতে পরিচয় বিকাশ জীবনের বিভিন্ন ধাপে ঘটে। পরিচয় যদি কেবল জৈবিক বলে ধরা হয়, তখন জাতি/লিঙ্গভিত্তিক বৈষম্য জোরদার হতে পারে। আবার মনোবৈজ্ঞানিকভাবে বুঝলে তা সুস্থ আত্মপরিচয়বোধ দেয় ও মানসিক স্থিতি বাড়ায়।

ঘ) সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি

সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অনুসারে, ভাষা, রীতি-নীতি, ইতিহাস ও শিল্পচর্চার মধ্য দিয়েই মানুষের পরিচয় গড়ে ওঠে। একজন মানুষের মাতৃভাষা, তার উৎসব-পার্বণ, লোকসংস্কৃতি কিংবা সাহিত্য-সংগীতের সঙ্গে তার সম্পর্ক, এসবই তাকে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক পরিচয় দেয়। এই সাংস্কৃতিক উপাদানগুলো কেবল ব্যক্তিগত পরিচয় নয়, বরং একটি বৃহত্তর সমষ্টিগত পরিচয়ও নির্মাণ করে, যা মানুষকে একটি জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে চিহ্নিত করে। যেমন বাঙালি বা সাঁওতাল পরিচয়।

অভিবাসন, বৈশ্বিক যোগাযোগ, প্রযুক্তির বিস্তার, এসবের ফলে একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক সাংস্কৃতিক পরিচয় ধারণ করতে পারে। ফলে পরিচয় আর কোনো একক, নির্দিষ্ট সীমানায় আবদ্ধ থাকে না। ব্যক্তি মাল্টি কালচারাল বা বহু-সাংস্কৃতিক পরিচয়ের হয়ে উঠতে পারে।

অন্যদিকে, সাংস্কৃতিক পরিচয় যেমন ঐক্য ও গর্বের অনুভূতি সৃষ্টি করতে পারে, তেমনি এটি আধিপত্য ও দমনের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে, যদি এটি ‘জাতিশ্রেষ্ঠত্ববাদী’ হয়ে যায়। একটি প্রভাবশালী সংস্কৃতি যখন অন্য সংস্কৃতিকে অবমূল্যায়ন বা দমনের চেষ্টা করে, তখন তা সাংস্কৃতিক আধিপত্যে রূপ নেয়। এর ফলে সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা, ঐতিহ্য ও পরিচয় সংকটে পড়ে। তাই সাংস্কৃতিক পরিচয়কে কেবল গর্বের উৎস হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার অংশ হিসেবেও বুঝতে হবে, যেখানে ক্ষমতা, প্রতিরোধ এবং ন্যায়বিচারের প্রশ্ন জড়িত থাকে।

ঙ) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি (আইডেন্টিটি পলিটিকস)

রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখলে পরিচয়-এর একটি রাজনৈতিক চরিত্র (আইডেন্টিটি পলিটিকস) আছে। অন্যকথায় যে কোন পরিচয় ‘রাজনীতি নিরপেক্ষ’ নয়। ব্যক্তি নিজেকে কেবল একটি দেশের একজন নাগরিক হিসেবে নয়, বরং জাতি, লিঙ্গ, ধর্ম, ভাষা, বা শ্রেণির মতো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করে। এই পরিচয়গুলোর ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আন্দোলন ও দাবি-দাওয়া গড়ে ওঠে।

বিশেষত প্রান্তিক বা বঞ্চিত জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগুলোর ক্ষেত্রে পরিচয় রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি তাদের অভিজ্ঞতাকে দৃশ্যমান করে এবং অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, নারীবাদী আন্দোলন, আদিবাসীদের জাতিগত সমতা ও সংস্কৃতি রক্ষা, এমনকি কিংবা শ্রমিক শ্রেণির সংগ্রামও কোনো না কোনোভাবে ব্যক্তির সামাজিক ও জাতিগত পরিচয়কে রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়ে থাকে।

পরিচয় রাজনীতি শুধু অধিকার আদায়ের একটি উপায়ই নয়, এটি ক্ষমতার বণ্টন ও ন্যায্যতার প্রশ্নের সঙ্গেও গভীরভাবে জড়িত। সমাজে কার কণ্ঠস্বর শোনা হবে, কে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবে, এবং কাদের অভিজ্ঞতা গুরুত্ব পাবে, এসবই অনেক সময় ‘পরিচয়ের’ সঙ্গে সম্পর্কিত। তাই পরিচয় রাজনীতি একদিকে যেমন প্রতিনিধিত্ব ও সমতার দাবিকে শক্তিশালী করে, অন্যদিকে এটি সামাজিক বাস্তবতার বৈচিত্র্যকে স্বীকৃতি দেয়।

কেউ কেউ শ্রেণিভিত্তিক রাজনীতি, অর্থাৎ অর্থনৈতিক শ্রেণি বৈষম্য ও শোষণের প্রশ্নকে সামনে এনে, জাতিগত, লিঙ্গীয় ও অন্যান্য ‘পরিচয় রাজনীতিকে’ বাতিল করতে চায়। প্রয়োজন ‘পরিচয় রাজনীতির’ মতাদর্শ উন্মোচন, পরিচয়কে অস্বীকার করার বদলে পরিচয় রাজনীতির আরও গভীর ও কাঠামোগত বিশ্লেষণ হাজির করা।

পরিচয় রাজনীতির মুল সমালোচনাও এর মেরুকরণ—যেখানে মানুষ নিজেদের পরিচয়কে সাম্প্রদায়িক বা শ্রেষ্ঠত্ববাদী বা একমাত্র কেন্দ্রীয় বিষয় হিসেবে ব্যবহার করে যা অন্য জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীর প্রতি ঘৃণা ও শত্রুতার সৃষ্টি করে। ফলে তা সহিংস সংঘাত বা দাঙ্গার রূপ নিতে পারে। এছাড়াও, পরিচয় রাজনীতি কখনও বৃহত্তর অর্থনৈতিক বা কাঠামোগত সমস্যাগুলোকে আড়াল করে ফেলে, একটি নির্দিষ্ট পরিচয়ের সংকীর্ণ পরিসরে সীমাবদ্ধ হয়ে পড়ে।

(৩) জীবনের অর্থ ও উদ্দেশ্য কী?

মানুষ যখন থেকে নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়েছে, তখন থেকেই সে এই প্রশ্ন করেছে যে, ‘জীবনের অর্থ কি, জীবনের উদ্দেশ্য কী?’ আদি-সাম্যবাদী সভ্যতার শুরু সমাজবিবর্তনের প্রতিটি কালে ব্যক্তিমানুষ এই প্ৰশ্ন নিয়ে মাথা ঘামিয়েছে এবং ধর্ম, দর্শন, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও রাজনৈতিক মতাদর্শ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে।

আদিবাসী সংস্কৃতিতে জীবনকে প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের মধ্যে দেখা হয়। আদিবাসীদের মুল ভাবনা হচ্ছে, মানুষ প্রকৃতির অংশ, আলাদা নয়। জীবনের অর্থ প্রকৃতির সঙ্গে সমন্বয় ও ভারসাম্য রক্ষা করে জীবনযাপন। পূর্বনারী, নদী, পাহাড়, বন সবই জীবনের অংশ, ফলে প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়া হচ্ছে জীবনের উদ্দেশ্য।

প্রাচীন দার্শনিকদের দৃষ্টিভঙ্গি:

গ্রিক দার্শনিক; সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের চিন্তা অনুসারে জীবন মানে সত্য, জ্ঞান ও নৈতিকতার অনুসন্ধান। বিশেষ করে এরিস্টটলের ধারণা ছিল যে জীবনের লক্ষ্য হচ্ছে “Eudaimonia” অর্থাৎ সার্থক ও পূর্ণ জীবন যা অর্জিত হয় নৈতিক গুণাবলি ও যুক্তিবোধ থেকে। স্টোইক দর্শন (Marcus Aurelius, Epictetus) অনুসারে জীবনের অর্থ হচ্ছে ‘প্রকৃতির নিয়ম মেনে যুক্তিসঙ্গত জীবন’।মূল শিক্ষা; যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুঃখ না করা। অর্থাৎ জীবনের উদ্দেশ্য আত্মসংযম ও নৈতিকতা।

প্রভাবশালী ধর্মীয় দৃষ্টিভঙ্গি:

বৌদ্ধ দর্শন অনুসারে, জীবন দুঃখের বাস্তবতা কারণ মানুষের আকাঙ্ক্ষা ও অজ্ঞতা। মানুষের জীবনের লক্ষ্য, দুঃখ থেকে মুক্তি, অন্যকথায় ‘নির্বাণ”। হিন্দু দর্শন অনুসারে, যেমন উপনিষদ ও গীতার দর্শনে জীবনের চারটি লক্ষ্য প্রচার করে, ধর্ম (নৈতিকতা), অর্থ (জীবিকা), কাম (আনন্দ), মোক্ষ (মুক্তি)।খ্রিস্টীয় দর্শন জীবনের উদ্দেশ্যকে ব্যাখ্যা করে ‘ঈশ্বরকে ভালোবাসা” মানুষকে ভালোবাসা ও নৈতিক জীবন। এই দৃষ্টিতে মানুষের জীবন হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্কের যাত্রা। ইসলামী দর্শন অনুসারে মানুষের জীবনকে বলা হয় ‘পরীক্ষা”। জীবনের লক্ষ্য আল্লাহর ইবাদত, ন্যায়বিচার, নৈতিক জীবন (খ্রিস্টীয় দর্শনের সঙ্গে কিছুটা মিল আছে।) তবে কুরআনের ভাষায় মানুষের জীবনের উদ্দেশ্য হল “আল্লাহর ইবাদত করা এবং পৃথিবীতে খলিফা হওয়া।”

প্রায় সব ধর্মের আধ্যাত্মবাদী সন্ন্যাসী ও আত্মনিগ্রহী তপস্বী ঐতিহ্যে মনে করা হয়, জাগতিক জীবন ক্ষণস্থায়ী, আসল লক্ষ্য আধ্যাত্মিক উপলব্ধি। এদের চিন্তায় জীবনের উদ্দেশ্য ‘কম চাহিদার জীবনযাপন, ধ্যান ও আত্মসংযম, এবং এর মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি হয়।

সামন্তযুগের ধর্মপ্রভাবিত জীবনবোধ বদলে যায় পুঁজিবাদের উদ্ভবে।

পুঁজিবাদের অভ্যুদয় একদিকে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের ফলে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য উৎপাদন সম্ভব করে তোলে, অন্যদিকে সেক্যুলার (ইহজাগতিক) ও বিজ্ঞান চিন্তা বিকাশের পরিবেশ তৈরি করে। পুঁজিবাদের আধুনিক ভোক্তা সংস্কৃতিতে জীবনের অর্থ হয়ে দাঁড়ায়; সফলতা, অর্থ-সম্পদ, ভোগ ও ব্যক্তিগত স্বাধীনতা। অন্যকথায় ভোগবাদী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটে। এই দৃষ্টিভঙ্গির প্রধান প্রশ্ন হয়ে যায়; কিভাবে আমি সফল হব? কিভাবে সুখ ও আরাম পাব? সৃজনশীল ও নৈতিক মানুষের কাছে এতে জীবনের অর্থ বাজার ও ভোগে সীমিত হয়ে যায়।

পুঁজিবাদী আত্ম-সর্বস্ব ভোগবাদী জীবনবোধের সমালোচনায় গড়ে ওঠে মার্কসবাদী জীবনবোধ”।

মার্কসবাদী দৃষ্টিতে মানুষের জীবন মূলত তার শ্রম, উৎপাদন এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে গঠিত৷ মানুষ কেবল জৈবিক প্রাণী নয়; সে নিজের শ্রমের মাধ্যমে প্রকৃতিকে রূপান্তর করে এবং সেই প্রক্রিয়ায় নিজের সৃজনশীলতা ও মানবিক সম্ভাবনাকে প্রকাশ করে। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় এই স্বাভাবিক মানবিক প্রক্রিয়াটি বিকৃত হয়ে যায়। Karl Marx তার লেখায় দেখিয়েছেন যে পুঁজিবাদে শ্রমিক তার শ্রমের ফল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে—যাকে তিনি alienation (বিচ্ছিন্নতা) বলেছেন। শ্রমিক যে পণ্য তৈরি করে তার মালিক হয় না; বরং সেই পণ্য ও উৎপাদন ব্যবস্থা তার ওপরই আধিপত্য বিস্তার করে। ফলে মানুষের জীবনে প্রশ্ন উঠে: মানুষ কি তার শ্রমের প্রকৃত ফলের মালিক, এবং সমাজ কি সত্যিই ন্যায্য ও মানবিক?

মার্কসবাদী চিন্তায় তাই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় শোষণমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গঠনের সংগ্রামের মধ্যে৷ এমন এক সমাজে মানুষ কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং নিজের সৃজনশীলতা ও মানবিক ক্ষমতা বিকাশের জন্য কাজ করবে। সেখানে শ্রম হবে মানুষের আত্মপ্রকাশের মাধ্যম, জোরপূর্বক জীবিকা নয়। মার্কসবাদী সাহিত্য ও প্রবন্ধগুলোতে বারবার বলা হয়েছে যে মানুষের মুক্তি কেবল ব্যক্তিগত নয়, বরং সমষ্টিগত সামাজিক মুক্তির সঙ্গে যুক্ত। তাই জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে শোষণ থাকবে না, মানুষ তার শ্রম ও জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবে, এবং সমতা, সহযোগিতা ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ মানবজীবন সম্ভব হবে।

মার্কসবাদী দৃষ্টিভঙ্গির সমান্তরালে সমাজবৈজ্ঞানিক ও অস্তিত্ববাদী দর্শন বিবর্তনীয় জীববিজ্ঞান অনুসারে, জীবনের মৌলিক উদ্দেশ্য হলো বেঁচে থাকা এবং জিনের বিস্তার। তবে মানুষের ক্ষেত্রে, যেহেতু সে সামাজিক সত্ত্বা মানুষের প্রয়োজন হয় সহযোগিতা, সামাজিকতা ও সহানুভূতি। এগুলোও সমাজ ও মানুষের দ্বান্দ্বিক বিবর্তনের ফল। অস্তিত্ববাদী দার্শনিক Jean-Paul Sartre বা Albert Camus—এরা বলেন ‘জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ বা উদ্দেশ্য নেই। মানুষ স্বাধীন, তাই নিজের জীবনের অর্থ সে নিজেই তৈরি করে নিতে পারে। উদারনৈতিক মানবতাবাদী তাত্ত্বিকদের কাছে (Abraham Maslow, Carl Rogers) মানুষের জীবনের লক্ষ্য: Self-actualization, অর্থাৎ নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশ।

“সুখী ও অর্থপূর্ণ জীবন” নিয়ে আধুনিক গবেষণা সুখী ও অর্থপূর্ণ জীবন নিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ গবেষণাগুলোর একটি হচ্ছে ‘হার্ভার্ড অ্যাডাল্ট ডেভেলপমেন্ট স্টাডি’ যার নেতৃত্বে ছিল ভালডিঙ্গার (Robert Waldinger)। এটি ৮০ বছর ধরে চালানো হয় এবং গবেষণার মুল প্রতিপাদ্য হচ্ছে, সুখী জীবনের সবচেয়ে বড় কারণ “ভালো সম্পর্ক”। অর্থ নয়, খ্যাতি নয়।

মনোবিজ্ঞানী সেলিগমান (Martin Seligman) তিনি সুখের ৫টি উপাদান বলেন, যাকে বলা হয় PERMA মডেল: Positive emotion, Engagement, Relationships, Meaning, and Achievement. সংক্ষেপে মানুষের জীবনের সম্ভাব্য অর্থ ১. ভালোবাসা ও সম্পর্ক; ২. জ্ঞান ও সত্যের অনুসন্ধান; ৩. নৈতিকতা ও ন্যায়; ৪. সৃজনশীলতা; এবং ৫. আত্মিক বা আত্মগত বিকাশ

সমাজবিজ্ঞানী এরিক ফ্রমের জীবনচর্চার দুই প্রবণতা: ভোগবাদী ও সৃজনশীল। এরিক ফ্রম (Erich Fromm) তাঁর বই To Have or To Be?-এ মানুষের জীবনধারাকে দুইটি মৌলিক প্রবণতায় ব্যাখ্যা করেন। একটি হচ্ছে “Having mode” অর্থাৎ উপভোগের জন্য সম্পদ ও ক্ষমতা জড়ো করা। “আমার কী আছে” এই প্রশ্ন করা। আরেকটি হচ্ছে “Being mode” অর্থাৎ “আমি কী হতে চাই”—এই প্রশ্ন করা।

এরিক ফ্রমের মতে, পুঁজিবাদী সমাজে মানুষ ক্রমে অর্জন/ভোগ কেন্দ্রিক চিন্তা করে, অথচ মানুষের প্রকৃত বিকাশ ঘটে যদি সে নিজে কী ধরনের মানুষ হয়ে উঠছে, সেই চিন্তা করে। কেন মানুষ সম্পদ ও ক্ষমতা জড়ো করতে চায়? কারণ মানুষ ভুল ভাবে নিজের পরিচয় বা সুখকে তার অর্জিত সম্পদ, ক্ষমতা বা খ্যাতির ওপর নির্ভরশীলভাবে।

আমার কী ‘আছে’ (To Have) প্রবণতার ধরন:

এই প্রবনতার মানুষেরা মালিকানা বা অধিকারকে গুরুত্ব দেয়, ভোগ ও জমা করার প্রবণতাকে অগ্রাধিকার দেয়, প্রতিযোগিতা ও ঈর্ষার আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হয়, এবং নিরাপত্তার জন্য সম্পদ বা ক্ষমতার ওপর নির্ভরতা বাড়াতে থাকে।

ফ্রম বলেন, পুঁজিবাদী সমাজ মানুষকে শেখায় যে “আমি যা কিছু রাখি বা জমা করি, তাই দিয়ে আমার মূল্য নির্ধারিত হবে। মানুষ ভাবে, আমার কত টাকা আছে, কত সম্পত্তি আছে, কতগুলো ডিগ্রি আছে, কতজন অনুসারী বা কত ক্ষমতা আছে। এগুলো দিয়েই সে নিজের পরিচয় তৈরি করে।

ফ্রম বিভিন্ন উদাহরণ দিয়েছেন, যেমন: টাকা আছে, ভিলা আছে, প্রাইভেট জেট আছে, উচ্চ ডিগ্রি আছে, পুরস্কার আছে ইত্যাদি। এই “আছে” ব্যাপারটা এরিক ফ্রমের মতে একটি মনস্তাত্ত্বিক প্রবণতা। যেমন জ্ঞান অর্জনের ক্ষেত্রে ছাত্র মনে করে, “আমি কত তথ্য মুখস্থ করেছি।” জ্ঞান যেন একটি বস্তু, যা জমা করা যায়। প্রেমের ক্ষেত্রে, মানুষ ভাবে “এই মানুষটি আমার।” প্রেমকে মালিকানার মতো দেখা হয়। ধর্মের ক্ষেত্রে, ধর্মকে নিয়ম বা বিশ্বাসের সংগ্রহ হিসেবে দেখা হয়, “আমার সঠিক মতবাদ আছে।” অথবা “আমার অনেক পুণ্য অর্জন আছে” (নামের সঙ্গে ধর্মের টাইটেল যুক্ত আছে)। এমনকি ভাষার ক্ষেত্রেও, বলা হয় “আমার একটি সমস্যা আছে”, বা “আমার অনুভূতি আছে”। অর্থাৎ অনুভূতিকেও যেন মালিকানার বস্তু করা হচ্ছে।

জীবনে ‘হয়ে ওঠা’ (To Be) প্রবণতা কী আছে’ তার বিপরীতে:

ফ্রমের মতে সমাজে আরেক ধরনের মানুষ আছে যারা নিজের জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পায়, নিজে কী ধরনের মানুষ হয়ে উঠছে, কী ধরনের জীবন চর্চায় নিয়োজিত—এর মধ্যে। তার জীবনের সার্থকতা ও আনন্দ তার যাপিত সৃজনশীল জীবনচর্চায়।

এই মানুষদের চিন্তার মুলে আছে সৃজনশীলতা, ভালোবাসা ও সহানুভূতি, সক্রিয় অংশগ্রহণ, জীবনের সত্যিকারের অভিজ্ঞতা মধ্য দিয়ে বাঁচা।

ফ্রমের মতে, এখানে মানুষ বস্তু জমা করে না, বরং জীবনকে অভিজ্ঞতা চর্চা করে, জীবনে যা আরাধ্য ও আনন্দের সেই জীবন যাপন করে।

যেমন, তথ্য মুখস্ত বা জমা করা নয়, বোঝা, চিন্তা করা, নতুন ধারণা সৃষ্টি করা। অন্যকে হারানোর জন্য তর্ক করা নয়, বোঝার জন্য আলোচনা করা। নতুন জিনিস কিনে সুখ জমানো নয়, সৃজনশীল কাজ, সম্পর্ক, অভিজ্ঞতা থেকে সুখ লাভ। প্রেম মানে ভাগাভাগি করা, যত্ন নেওয়া, স্বাধীনতা মধ্যে সম্পর্ক রাখা। ধর্মকে জীবনের আধ্যাত্মিক অভিজ্ঞতার অনুসন্ধান ও চর্চা হিসেবে বাঁচা; সহানুভূতি, ও মানবিক নৈতিকতায়।

“আমার কী আছে”—আত্ম-সর্বস্ব ভোগবাদী প্রবনতার উৎস কী?:

ফ্রম বলেন আধুনিক ভোক্তাবাদী সমাজে তিনটি সমস্যা দেখা যায়। একটি হচ্ছে ভোগবাদ (Consumerism)। মানুষ মনে করে বেশি সুখ আসে বেশি জিনিস থেকে। দ্বিতীয়টি হচ্ছে বিচ্ছিন্নতা (Alienation)। মানুষ নিজের কাজ, সমাজ ও নিজের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তৃতীয়টি হছে ভয় ও নিরাপত্তাহীনতা। যেহেতু মানুষ তার পরিচয়কে সম্পদের ওপর তথা উচ্চবিত্ত শ্রেণি অবস্থানের দাঁড় করায়, তাই হারানোর ভয় সবসময় থাকে।

ফ্রম বলেন মানুষের উন্নতির জন্য সমাজকে “Being orientation”-এর দিকে যেতে হবে। তিনি কয়েকটি পথ প্রস্তাব করেন: সৃজনশীল কাজ, ভালোবাসা ও মানবিক সম্পর্ক, সচেতন জীবন (mindful living), ভোগবাদ কমানো, এবং মানবিক শিক্ষা।

আমার কী আছে, বা তার কী আছে? এই চিন্তায় মানুষ জিনিসপত্র, সম্পদ, ক্ষমতা, জ্ঞান ইত্যাদি জড়ো করে নিজের পরিচয় বানায়। জীবনের অর্থ ও উদ্দেশ্য খোঁজার চেষ্টা করে। অন্যদিকে, ‘আমি কী রকম মানুষ হয়ে উঠছি, কী রকম জীবন হয়ে উঠবে’ এই চিন্তা মানুষকে সৃজনশীলতা ও সম্পর্কের মাধ্যমে নিজের অস্তিত্বের অর্থ ও উদ্দেশ্য নিজেই তৈরি করে ও আরাধ্য জীবনচর্চা করে। ফ্রমের মতে, মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে, মানুষ ভোগবাদী সমাজ থেকে সৃজনশীল সমাজে যেতে পারে কিনা, তার ওপর।

(৪) ব্যক্তির চেতনা শ্রেণিচেতনা: কী আমার চেতনার রঙ?

শ্রেণিসমাজে যে কোনো ব্যাক্তির চেতনা তথা বিশ্বাস, ধ্যানধারণা, আত্মপোলব্ধি তার শ্রেণি-অবস্থান দ্বারা প্রভাবিত। ব্যক্তি কোন শ্রেণিতে অবস্থান করে, সেটি তার জীবনচর্চা ও জীবনবোধকে আকৃতি দেয়। ফলে ‘শ্ৰেণি প্রশ্ন’ না বুঝলে ব্যক্তির আত্মপোলব্দি খণ্ডিত শ্রেণিপক্ষপাতিত্বের।

মার্কসবাদী চিন্তায় শ্রেণি প্রশ্ন ব্যক্তি ও সমাজ বিশ্লেষণের একটি মৌলিক ধারণা।

Karl Marx ও Friedrich Engels মনে করেন যে মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণিসংগ্রামের ইতিহাস। তাদের বিখ্যাত গ্রন্থ The Communist Manifesto-এ বলা হয়েছে যে প্রাচীন দাস সমাজ থেকে শুরু করে সামন্তবাদ এবং আধুনিক পুঁজিবাদ—প্রত্যেক সমাজে উৎপাদনের উপায়ের ওপর নিয়ন্ত্রণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। পুঁজিবাদী সমাজে এই দ্বন্দ্ব প্রধানত বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণি এবং প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণির মধ্যে সংঘটিত হয়।

মার্কস তার অর্থনৈতিক বিশ্লেষণের প্রধান গ্রন্থ Das Kapital-এ দেখিয়েছেন যে পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির মূল ভিত্তি হলো শ্রমশক্তির শোষণ। শ্রমিক তার শ্রমশক্তি বিক্রি করে জীবিকা নির্বাহ করে, কিন্তু শ্রমের দ্বারা যে অতিরিক্ত মূল্য সৃষ্টি হয় তা পুঁজিপতির হাতে কেন্দ্রীভূত হয়। এই “উদ্বৃত্ত মূল্য” (surplus value) ধারণার মাধ্যমে মার্কস দেখাতে চেয়েছেন যে শ্রেণি বিভাজন কেবল সামাজিক নয়, অর্থনৈতিক কাঠামোর সঙ্গেও গভীরভাবে যুক্ত। একইভাবে The German Ideology-এ তিনি ব্যাখ্যা করেন যে উৎপাদন সম্পর্ক এবং বস্তুগত জীবনযাত্রার শর্ত সমাজের শ্রেণি কাঠামো নির্ধারণ করে।

পরবর্তী মার্কসবাদী চিন্তাবিদরা শ্রেণি প্রশ্নকে আরও বিস্তৃতভাবে বিশ্লেষণ করেছেন। Vladimir Lenin তার গ্রন্থ The State and Revolution-এ দেখিয়েছেন যে রাষ্ট্র মূলত একটি শ্রেণির ওপর অন্য শ্রেণির আধিপত্য বজায় রাখার যন্ত্র। অন্যদিকে Rosa Luxemburg তার Reform or Revolution-এ যুক্তি দেন যে কেবল সংস্কার দ্বারা পুঁজিবাদী শোষণ দূর করা সম্ভব নয়; প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন শ্রেণিসংগ্রামের মাধ্যমে সামাজিক বিপ্লব। এসব লেখায় শ্রেণি রাজনীতি, শ্রমিক আন্দোলন এবং বিপ্লবের প্রশ্নকে ঘনিষ্ঠভাবে যুক্ত করা হয়েছে।

বিশ শতকে মার্কসবাদী তাত্ত্বিকরা শ্রেণি ধারণাকে নতুনভাবে বিশ্লেষণ করেন। György Lukács তার History and Class Consciousness-এ “শ্রেণিচেতনা” ধারণা ব্যাখ্যা করেন, যেখানে বলা হয় যে শ্রমিক শ্রেণি নিজেদের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে সচেতন হলে তবেই সামাজিক পরিবর্তন সম্ভব। একইভাবে Antonio Gramsci তার The Prison Notebooks-এ “হেজিমনি” ধারণার মাধ্যমে দেখান যে শাসক শ্রেণি কেবল অর্থনৈতিক শক্তি নয়, সাংস্কৃতিক ও বৌদ্ধিক প্রভাবের মাধ্যমেও সমাজে আধিপত্য বজায় রাখে।

আধুনিক সমাজবিজ্ঞানে শ্রেণি বিশ্লেষণ আরও পদ্ধতিগতভাবে বিকশিত হয়েছে। Erik Olin Wright তার Classes-এ শ্রেণি কাঠামোর জটিলতা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আধুনিক পুঁজিবাদী সমাজে মধ্যবর্তী বা “বিরোধী অবস্থানযুক্ত শ্রেণি” (contradictory class locations) গড়ে উঠেছে। অন্যদিকে Nicos Poulantzas তার Political Power and Social Classes-এ রাষ্ট্র, ক্ষমতা এবং শ্রেণির সম্পর্ক বিশ্লেষণ করেছেন। ফলে দেখা যায় যে মার্কসের মূল তত্ত্ব থেকে শুরু করে সমসাময়িক গবেষণা পর্যন্ত শ্রেণি প্রশ্ন সমাজ ও রাজনীতির বিশ্লেষণে একটি কেন্দ্রীয় ধারণা হিসেবে রয়ে গেছে।

অন্যদিকে, মার্কসবাদী সমাজবিজ্ঞানে ব্যক্তির পরিচয়কে মূলত সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ফল হিসেবে দেখা হয়। Karl Marx বলেন, মানুষের চেতনা তার সামাজিক অস্তিত্ব দ্বারা নির্ধারিত। অর্থাৎ, একজন ব্যক্তি যে সমাজে বসবাস করে, তার শ্রেণিগত অবস্থান, উৎপাদন সম্পর্ক ও অর্থনৈতিক বাস্তবতা তার চিন্তা, মূল্যবোধ ও পরিচয় গড়ে তোলে। উদাহরণস্বরূপ, শ্রমিক শ্রেণি ও মালিক শ্রেণির জীবনদৃষ্টি ও স্বার্থ ভিন্ন হওয়ায় তাদের পরিচয়ও ভিন্নভাবে গঠিত হয়। ফলে এখানে “আমি” কোনো স্বতন্ত্র সত্তা নয়, বরং একটি সামাজিক নিৰ্মাণ

এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব থাকলেও, বাস্তব জীবনে এগুলোকে পরস্পরবিরোধী না দেখে পরিপূরক হিসেবে দেখা যায়। ব্যক্তি একদিকে তার নিজস্ব ইচ্ছা, স্বপ্ন ও মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, অন্যদিকে সেই সিদ্ধান্তগুলো সামাজিক কাঠামো, সংস্কৃতি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ, একজন মানুষের পরিচয় গঠনে ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক প্রভাব উভয়ই ভূমিকা পালন করে।

এই প্রেক্ষাপটে শ্রেণিচেতনা (class consciousness) ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কস দেখান যে সমাজে শ্ৰেণী প্রথমে থাকে “নিজের মধ্যে শ্রেণি” (class-in-itself) হিসেবে—অর্থাৎ একটি বস্তুগত বাস্তবতা হিসেবে, যেখানে মানুষ একই অর্থনৈতিক অবস্থানে থাকে, কিন্তু তারা নিজেদের স্বার্থ ও অবস্থান সম্পর্কে সচেতন নয়। এই পর্যায়ে শ্রমিকরা শুধু শ্রম বিক্রি করে, কিন্তু তারা নিজেদেরকে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে দেখে না।

কিন্তু দ্বান্দ্বিক প্রক্রিয়ায়, অভিজ্ঞতা, শোষণ, এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এই শ্রেণি ধীরে ধীরে “নিজের জন্য শ্রেণি” (class-for-itself)-এ রূপান্তরিত হয়। এখানে চেতনার ভূমিকা গুরুত্বপূর্ণ—মানুষ বুঝতে শুরু করে যে তাদের স্বার্থ এক, তাদের শোষণ কাঠামোগত, এবং তারা সম্মিলিতভাবে পরিবর্তন আনতে পারে। এই রূপান্তরই চেতনার বস্তুগত শক্তিতে পরিণত হওয়ার বাস্তব উদাহরণ। শ্ৰেণীচেতনা তখন শুধু চিন্তা নয়, বরং সংগঠন, আন্দোলন ও বিপ্লবের ভিত্তি হয়ে ওঠে।

সুতরাং, মার্কসবাদী দ্বান্দ্বিক বিশ্লেষণে মানুষের চেতনা ও সামাজিক অস্তিত্বের সম্পর্ক একটি গতিশীল ও দ্বন্দ্বমূলক প্রক্রিয়া। বস্তুগত অবস্থা চেতনা তৈরি করে, কিন্তু সেই চেতনা আবার সমাজকে রূপান্তরিত করার শক্তিতে পরিণত হয়। একইভাবে, শ্রেণি একটি স্থির বাস্তবতা নয়; বরং চেতনার বিকাশের মাধ্যমে তা সক্রিয় রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। এই দৃষ্টিতে, মানুষ কেবল সমাজের উৎপাদ নয়—সে সমাজ পরিবর্তনেরও সক্রিয় নির্মাতা।

ব্যাক্তির সঙ্গে সমাজের সম্পর্ক দ্বান্দ্বিক ও শ্রেণিসম্পর্কের মধ্যস্ততায়:

মার্কসবাদী সমাজবিজ্ঞানে ব্যক্তি ও সমাজের সম্পর্ককে একটি দ্বান্দ্বিক সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করা হয়। এখানে ব্যক্তি সমাজ থেকে আলাদা কোনো স্বতন্ত্র সত্তা নয়; বরং সমাজের অর্থনৈতিক কাঠামো, উৎপাদন সম্পর্ক ও সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তির চিন্তা, মূল্যবোধ ও আচরণকে গড়ে তোলে। একইসঙ্গে ব্যক্তি তার কার্যকলাপের মাধ্যমে সমাজকে প্রভাবিত ও পরিবর্তনও করতে পারে। তাই ব্যক্তি ও সমাজের মধ্যে একটি পারস্পরিক, গতিশীল এবং নিরন্তর ক্রিয়াশীল সম্পর্ক বিদ্যমান৷

এই দ্বান্দ্বিক সম্পর্কটি সরাসরি গড়ে ওঠে না; বরং এটি শ্রেণিঅবস্থানের মাধ্যমে মধ্যস্থতা লাভ করে। সমাজে মানুষ ভিন্ন ভিন্ন শ্রেণিতে অবস্থান করে, যেমন বুর্জোয়া ও প্রলেতারিয়েত। এই শ্রেণিঅবস্থান নির্ধারণ করে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রা, সুযোগ-সুবিধা এবং সীমাবদ্ধতা। ফলে ব্যক্তি সমাজকে যেভাবে দেখে ও অভিজ্ঞতা অর্জন করে, তা মূলত তার শ্রেণিঅবস্থানের ওপর নির্ভরশীল হয়।

শ্রেণিচেতনা এই সম্পর্ককে আরও গভীরভাবে প্রভাবিত করে। শ্রেণিচেতনা বলতে বোঝায় ব্যক্তি তার নিজস্ব শ্রেণিস্বার্থ ও সামাজিক অবস্থান সম্পর্কে কতটা সচেতন। অনেক সময় শোষিত শ্রেণি মিথ্যা চেতনার কারণে তাদের প্রকৃত স্বার্থ উপলব্ধি করতে পারে না, আবার কখনও তারা নিজেদের শোষণের বাস্তবতা বুঝতে পেরে সচেতন হয়ে ওঠে। এই চেতনা নির্ধারণ করে ব্যক্তি সমাজকে কীভাবে ব্যাখ্যা করবে এবং পরিবর্তনের জন্য কী ধরনের ভূমিকা নেবে।

ব্যক্তি ও সমাজের সম্পর্ক তাই শ্রেণিঅবস্থান ও শ্রেণিচেতনার মাধ্যমে mediated হয়। ব্যক্তি সমাজকে সরাসরি উপলব্ধি করে না; বরং তার শ্রেণিগত অবস্থান ও চেতনার মাধ্যমে সমাজকে বোঝে এবং প্রতিক্রিয়া জানায়। ফলে একই সমাজে বসবাস করেও ভিন্ন শ্রেণির মানুষের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও আচরণে পার্থক্য দেখা যায়।

উদাহরণস্বরূপ, একজন শ্রমিক ও একজন কারখানার মালিক একই সমাজে বাস করলেও তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়। শ্রমিক শোষণ, কম মজুরি ও অনিরাপত্তার অভিজ্ঞতা অর্জন করে, অন্যদিকে মালিক লাভ ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দেয়। এই ভিন্নতা তাদের শ্রেণিঅবস্থান ও শ্রেণিচেতনার ফল। সুতরাং, মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের দ্বান্দ্বিক সম্পর্ককে বোঝার জন্য শ্রেণিঅবস্থান ও শ্রেণিচেতনাকে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(৫) আমার জীবনের চাহিদা বা প্রয়োজন কী?

Abraham Maslow-এর তত্ত্ব অনুযায়ী মানুষের প্রয়োজন ও চাহিদা একটি ধাপভিত্তিক বিন্যাসে (Hierarchy) সাজানো, যা সাধারণত Maslow's Hierarchy of Needs নামে পরিচিত। তিনি দেখিয়েছেন যে, মানুষ এক ধরনের প্রয়োজন পূরণ করার পর ধীরে ধীরে পরবর্তী উচ্চস্তরের প্রয়োজনের দিকে অগ্রসর হয়।

এই তত্ত্ব অনুযায়ী মানুষের প্রয়োজনগুলো পাঁচটি স্তরে বিভক্ত:

১. শারীরবৃত্তীয় প্রয়োজন (Physiological Needs)

এগুলো মানুষের সবচেয়ে মৌলিক প্রয়োজন। বেঁচে থাকার জন্য এগুলো অপরিহার্য। যেমন: খাদ্য, পানি, বায়ু, ঘুম, আশ্রয় ইত্যাদি।

২. নিরাপত্তার প্রয়োজন (Safety Needs)

শারীরবৃত্তীয় প্রয়োজন পূরণের পর মানুষ নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। যেমন: শারীরিক নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, সম্পদের সুরক্ষা।

৩. ভালোবাসা ও সম্পৃক্ততার প্রয়োজন (Love and Belongingness Needs)

এই স্তরে মানুষ সামাজিক সম্পর্ক গড়ে তুলতে চায়। যেমন: পরিবার, বন্ধুত্ব, প্রেম, সামাজিক গ্রহণযোগ্যতা

৪. সম্মান বা মর্যাদার প্রয়োজন (Esteem Needs)

এখানে ব্যক্তি নিজের মূল্য ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। দুই ধরনের: আত্মসম্মান (self-respect) ও অন্যের সম্মান (recognition)। যেমন: সাফল্য, স্বীকৃতি, মর্যাদা।

৫. আত্ম-উপলব্ধির প্রয়োজন (Self-actualization Needs)

এটি সর্বোচ্চ স্তরের প্রয়োজন। এখানে ব্যক্তি তার সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে চায়। যেমন: সৃজনশীলতা, ব্যক্তিগত উন্নয়ন, নিজের লক্ষ্য পূরণ

সংক্ষেপে, ম্যাসলোর মতে,নিম্নস্তরের প্রয়োজন পূরণ না হলে উচ্চস্তরের প্রয়োজন গুরুত্ব পায় না।অর্থাৎ, মানুষ ধাপে ধাপে এক স্তর থেকে পরবর্তী স্তরে অগ্রসর হয়।

মৌলিক মানবিক প্ৰয়োজন

চিলির অর্থনীতিবিদ ম্যাক্স নীফ (Manfred Max-Neef) মানুষের প্রয়োজন (Human Needs) সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছেন, যাকে বলা হয় Fundamental Human Needs Theory।

তার মতে, মানুষের মৌলিক প্রয়োজনগুলো সীমিত, নির্দিষ্ট এবং সব সংস্কৃতিতে একই, তবে এগুলো পূরণের উপায় ভিন্ন হতে পারে। ম্যাক্সনিফের ৯ টি মৌলিক মানবিক প্ৰয়োজন।

১. জীবনধারণ (Subsistence)

জীবনধারণ মানুষের সবচেয়ে মৌলিক প্রয়োজন, যা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। এর মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি, বায়ু, বাসস্থান এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত। একজন মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে এই উপাদানগুলো অপরিহার্য। যদি এই প্রয়োজনগুলো পূরণ না হয়, তবে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে এবং অন্য কোনো চাহিদা পূরণের সুযোগও থাকে না। তাই এটি মানব জীবনের ভিত্তি হিসেবে বিবেচিত।

২. নিরাপত্তা (Protection)

নিরাপত্তা মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজন, যা তাকে শারীরিক ও মানসিকভাবে সুরক্ষিত রাখে। এর মধ্যে আইন-শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যতের নিশ্চয়তা অন্তর্ভুক্ত। মানুষ তখনই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, যখন সে নিজেকে নিরাপদ মনে করে। নিরাপত্তার অভাব মানুষকে ভীত, উদ্বিগ্ন ও অস্থির করে তোলে।

৩. ভালোবাসা ও সম্পর্ক (Affection)

মানুষ সামাজিক প্রাণী, তাই ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রয়োজন মানুষের আবেগগত সুস্থতা নিশ্চিত করে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক মানুষের জীবনে আনন্দ ও অর্থ এনে দেয়। ভালোবাসার অভাব মানুষকে একাকী ও বিষণ্ণ করে তুলতে পারে।

৪. জ্ঞান ও বোঝাপড়া (Understanding )

জ্ঞান অর্জন এবং পৃথিবীকে বোঝার ক্ষমতা মানুষের একটি মৌলিক প্রয়োজন। শিক্ষা, অভিজ্ঞতা এবং চিন্তাশক্তির মাধ্যমে মানুষ এই প্রয়োজন পূরণ করে। এটি মানুষের ব্যক্তিগত উন্নয়ন এবং সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞান মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং তার চিন্তাভাবনাকে পরিপক্ক করে।

৫. অংশগ্রহণ (Participation)

সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ মানুষকে আত্মমর্যাদা ও দায়িত্ববোধ দেয়। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। গণতান্ত্রিক সমাজে মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এই প্রয়োজন পূরণের গুরুত্বপূর্ণ উপায়।

৬. অবসর ও বিনোদন (Leisure)

মানুষের জীবনে কাজের পাশাপাশি বিশ্রাম ও আনন্দও প্রয়োজন। অবসর সময় মানুষকে মানসিকভাবে সতেজ করে এবং কাজের প্রতি নতুন উদ্যম সৃষ্টি করে। খেলাধুলা, ভ্রমণ, গান শোনা বা অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপ এই প্রয়োজন পূরণ করে। এটি মানসিক চাপ কমাতে সহায়ক।

৭. সৃজনশীলতা (Creation)

সৃজনশীলতা মানুষের অন্তর্নিহিত ক্ষমতা, যা তাকে নতুন কিছু তৈরি করতে উদ্বুদ্ধ করে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান বা প্রযুক্তির মাধ্যমে মানুষ তার সৃষ্টিশীলতা প্রকাশ করে। এই প্রয়োজন পূরণ হলে মানুষ আত্মতৃপ্তি লাভ করে এবং নিজের দক্ষতা বিকাশ করতে পারে। এটি ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৮. পরিচয় (Identity)

পরিচয় মানুষের আত্মচেতনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি তার সংস্কৃতি, মূল্যবোধ, বিশ্বাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। একজন মানুষ কে, তার অবস্থান কী—এই প্রশ্নগুলোর উত্তরই পরিচয় নির্ধারণ করে। পরিচয় মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাকে সমাজে নিজের অবস্থান বুঝতে সাহায্য করে।

৯. স্বাধীনতা (Freedom)

স্বাধীনতা মানুষের এমন একটি মৌলিক প্রয়োজন, যা তাকে নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী জীবন পরিচালনার সুযোগ দেয়। মত প্রকাশের স্বাধীনতা, পছন্দের স্বাধীনতা এবং জীবনধারার স্বাধীনতা এর অন্তর্ভুক্ত। স্বাধীনতা মানুষের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। এর অভাব মানুষকে দমিয়ে রাখে এবং তার সম্ভাবনাকে সীমাবদ্ধ করে।

[১] i) Sartre, J.P. ( 1943 ). Being and Nothingness. Paris: Gallimard. ii) Flynn, T. (2006). Existentialism: A Very Short Introduction. Oxford University Press.

[২] Ricoeur, P. (1992). Oneself as Another. University of Chicago Press. ii) McAdams, D. P. (1996). Personality, Modernity, and the Storied Self: A Contemporary Framework for Studying Persons. Psychological Inquiry, 7 (4), 295–321.

ঢাকা, ২০২৬

মন্তব্য

মন্তব্য লিখুন